দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভাকে কেন্দ্র করে বিএনপির সম্ভাব্য দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে বাউফল প্রেসক্লাবের বীর উত্তম শামসুল আলম মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা ফরিদ তালুকদার। সভা শেষে প্রেসক্লাবের সামনে একই ইউনিয়নের আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশের সঙ্গে তার দেখা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একই নেতার অনুসারী হওয়া সত্ত্বেও এককভাবে মতবিনিময় সভা আয়োজনকে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হন।
আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে সিটি স্ক্যানের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, আহতদের সবাই বর্তমানে আশঙ্কামুক্ত।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় মাসুম বিল্লাহ পলাশ ও তার ১৫ সমর্থকের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বিএনপি নেতা ফরিদ তালুকদার ও মাসুম বিল্লাহ পলাশ দুজনই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শিল্পপতি ইঞ্জিনিয়ার একে এম ফারুক আহমেদ তালুকদারের অনুসারী। ফরিদ তালুকদার সম্পর্কে ফারুক আহমেদ তালুকদারের আপন ছোট ভাই।
এমএম/